নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশে বড় আকারের জনবল নিয়োগের সব প্রশাসনিক জটিলতা কেটে গেছে। নতুন করে ১০ হাজার কনস্টেবল এবং সরাসরি চার হাজার উপপরিদর্শক (এসআই) নিয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। মোট ১৪ হাজার নতুন এই জনবল নিয়োগের ক্ষেত্রে এখন আর কোনো বাধা নেই। জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সচিব কমিটির অনুমোদনসহ সব ধরনের দাপ্তরিক প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে। ফলে বাংলাদেশ পুলিশ যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে এই নিয়োগের কার্যক্রম শুরু করতে পারবে।


দীর্ঘদিন ধরে যাঁরা পুলিশ বাহিনীতে যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছেন, চূড়ান্ত এই অনুমোদনের মাধ্যমে তাঁদের সামনে বড় সুযোগ তৈরি হলো। বিশেষ করে এবারই প্রথমবারের মতো পুরো চার হাজার এসআই পদে সরাসরি নিয়োগ দেওয়া হচ্ছে। এ জন্য পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে। আগে এসআই পদের ৫০ শতাংশ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ সরাসরি নিয়োগ হতো। এ ছাড়া সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ৪০০ থেকে ৫০০ কর্মকর্তা নিতে একটি বিশেষ বিসিএস আয়োজনের চিন্তাভাবনাও করছে সরকার।


পুলিশে এই বিশাল নিয়োগের সর্বশেষ অগ্রগতি ও প্রশাসনিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর–আল–নাসীফ বৃহস্পতিবার বলেন, পুলিশের বড় নিয়োগের প্রক্রিয়া শুরু হতে এখন আর কোনো বাধা নেই। ১০ হাজার কনস্টেবল ও চার হাজার এসআই নিয়োগের পুরো প্রক্রিয়াটি জনপ্রশাসন, অর্থ মন্ত্রণালয় ও সচিব কমিটির অনুমোদনসহ সব ধরনের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন বাংলাদেশ পুলিশ যেকোনো সময় নিয়োগের প্রক্রিয়া শুরু করতে পারবে।


এদিকে কনস্টেবল নিয়োগের চলমান বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা। তিনি বলেন, চলমান বিজ্ঞপ্তিতে সারা দেশ থেকে মোট ১ লাখ ২ হাজার ৬৯৪ চাকরিপ্রার্থী অনলাইনে আবেদন করেছেন।


নিয়োগসংখ্যার রূপরেখা তুলে ধরে কামারুম মুনিরা আরও বলেন, পুলিশে বর্তমানে দুই হাজার কনস্টেবল পদ শূন্য রয়েছে। অন্যদিকে নতুন ১০ হাজার কনস্টেবল নিয়োগের অনুমোদন পাওয়া গেছে। প্রক্রিয়া বিবেচনা করে বর্তমান নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমেই শূন্য দুই হাজার পদের পাশাপাশি নতুন অনুমোদিত ১০ হাজার পদ থেকে আরও চার হাজার কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনা আছে। অর্থাৎ চলমান প্রক্রিয়ায় মোট ছয় হাজার কনস্টেবল নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর নতুন অনুমোদিত পদের বাকি ছয় হাজার কনস্টেবল পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে ধাপে ধাপে নেওয়া হবে।


এর আগে গত ৯ অক্টোবর সারা দেশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৩০ অক্টোবর আবেদন শেষ হলেও বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট পদসংখ্যা উল্লেখ ছিল না। তবে পদসংখ্যা বেড়ে ছয় হাজারে উন্নীত হলে আগের বিজ্ঞপ্তির তুলনায় এবার প্রার্থীদের প্রতিযোগিতা অনেক সহজ হবে। কারণ, গত এপ্রিলের বিজ্ঞপ্তিতে ২ হাজার ৭০৩টি পদের বিপরীতে আবেদন পড়েছিল ১ লাখ ২৬ হাজার। তখন প্রতি পদের জন্য লড়েছিলেন ৪৭ জন। এবার পদের সংখ্যা বাড়ায় প্রতি পদের জন্য লড়বেন গড়ে মাত্র ১৭ জন।


পুলিশ বাহিনীতে কনস্টেবল ও এসআই পদে কঠোর যাচাই–বাছাইয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়। কনস্টেবল পদে প্রার্থীদের প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ, শারীরিক সহনশীলতা পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মনস্তাত্ত্বিক পরীক্ষার ধাপ পার হতে হয়।


অন্যদিকে এসআই পদে নিয়োগ কয়েকটি ধাপে সম্পন্ন হয়। শুরুতে আবেদনকারীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করা হয়। এরপর দৌড় ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। পরবর্তী ধাপে বসতে হয় লিখিত পরীক্ষা ও কম্পিউটার দক্ষতা যাচাইয়ের পরীক্ষায়। সবশেষে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করে পুলিশ সদর দপ্তর। উভয় পদের ক্ষেত্রেই মেধা ও যোগ্যতার পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাচাই–বাছাই করা হবে। আবেদনপত্রে বা বাছাইয়ের যেকোনো পর্যায়ে ভুয়া তথ্য দিলে প্রার্থিতা তাৎক্ষণিক বাতিল হবে।


মাঠপর্যায়ে পুলিশ প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন একজন এসআই। থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও ফৌজদারি মামলার তদন্ত করা তাঁদের অন্যতম প্রধান কাজ। এ ছাড়া অপরাধ দমন, গোয়েন্দা তথ্য সংগ্রহ, আসামি গ্রেপ্তার ও এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁরা সরাসরি মাঠপর্যায়ে কাজ করেন।


দেশের মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশে সাব–ইন্সপেক্টর (এসআই) ও কনস্টেবল দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। জাতীয় বেতন স্কেল অনুযায়ী, এসআই দশম গ্রেডের অন্তর্ভুক্ত একটি পদ। এই পদে যোগদানের সময় প্রারম্ভিক মূল বেতন ৩২ হাজার টাকা (সর্বোচ্চ ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত)। অন্যদিকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ১৭তম গ্রেডের অন্তর্ভুক্ত একটি পদ। প্রশিক্ষণ শেষে স্থায়ীভাবে নিয়োগ পাওয়ার পর একজন কনস্টেবলের প্রারম্ভিক মূল বেতন ৯ হাজার টাকা (সর্বোচ্চ ২১ হাজার ৮০০ টাকা পর্যন্ত)।


মূল বেতনের পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী এসআই ও কনস্টেবল উভয় পদেই বেশ কিছু আকর্ষণীয় ভাতা ও সুবিধা পাওয়া যায়। এর মধ্যে রয়েছে এলাকাভেদে বাড়িভাড়া ভাতা, চিকিৎসার ভাতা, ঝুঁকি ভাতা, উৎসব ভাতা, টিফিন ও যাতায়াত ভাতা। এ ছাড়া সরকারি খরচে বিনা মূল্যে পোশাক, নিজ ও পরিবারের জন্য স্বল্প মূল্যে রেশনের সুবিধা এবং উন্নত চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রশিক্ষণের সময়েও নির্ধারিত ভাতা ও আবাসনের সুবিধা পাওয়া যায়। মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরবর্তী সময়ে উভয় পদের কর্মীদেরই উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে।